৩৭ লাখ টাকায় নির্মিত স্কুল ভবনে নেই সিঁড়ি, অচল দোতলা নিয়ে ভোগান্তি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:৩২ পিএম

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ে প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত দোতলা ভবনে সিঁড়ি না থাকায় দ্বিতীয় তলা দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। এতে শ্রেণিকক্ষ সংকট তীব্র হয়ে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।

জানা গেছে, শিক্ষা উন্নয়নের লক্ষ্যে জেলা পরিষদ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে চার ধাপে ভবনটির নির্মাণকাজ করা হয়। সর্বশেষ ২০২১–২২ অর্থবছরে দ্বিতীয় তলার কাজ শেষ হয়। তবে পুরো প্রকল্প সম্পন্ন না হওয়ায় ভবনটি কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না।

বর্তমানে নিচতলায় সীমিত পরিসরে ক্লাস চললেও দ্বিতীয় তলায় ওঠার কোনো সিঁড়ি না থাকায় সেটি পুরোপুরি অচল অবস্থায় রয়েছে। এছাড়া ভবনের আরও কিছু নির্মাণকাজও অসম্পূর্ণ রয়েছে বলে জানা গেছে।

শ্রেণিকক্ষ সংকটের কারণে নিচতলায় একাধিক শ্রেণির শিক্ষার্থীদের একই কক্ষে বাঁশের চাটাই দিয়ে ভাগ করে ক্লাস নিতে হচ্ছে। এতে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ছে।

নবম শ্রেণির শিক্ষার্থী চৈত্র রায় ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী সবুজ মণ্ডল জানায়, নতুন ভবন থাকলেও তা ব্যবহার করতে না পারায় তারা চরম সমস্যার মধ্যে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও সঠিকভাবে কাজ সম্পন্ন না হওয়ায় অর্থের অপচয় হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ বন্ধু রায় বলেন, সংশ্লিষ্ট প্রকৌশলীর অবহেলার কারণে সিঁড়ি ছাড়াই ভবন নির্মাণ করা হয়েছে। প্রায় চার বছর ধরে দ্বিতীয় তলা ব্যবহার করা যাচ্ছে না। একাধিক দপ্তরে জানানো হলেও কোনো সমাধান মেলেনি।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, অর্থ সংকটের কারণে সিঁড়ির কাজ শেষ করা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970