সুনামগঞ্জের ছাতকে দুই পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত ৫০
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৭:৫৪ এএম
সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় সুনামগঞ্জ-সিলেট সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার জাউয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাউয়া বাজারসংলগ্ন খিদ্রাখাপন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আখলুছ মিয়ার কাছে প্রায় ২০ লাখ টাকা পাওনা ছিলেন জাউয়া কোনাপাড়ার মোহাম্মদ আলী। দীর্ঘদিন টাকা ফেরত না পেয়ে কয়েকদিন আগে মোহাম্মদ আলী আখলুছ মিয়াকে গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে।
এর জেরে জাউয়া বাজারে মোহাম্মদ আলীকে মারধর করেন আখলুছ মিয়ার সমর্থকরা। পরে বৃহস্পতিবার বিকেলে পাল্টা হামলা চালায় মোহাম্মদ আলীর লোকজন।
এর ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যার পর উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের আঁধারে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সুনামগঞ্জ-সিলেট সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যায়।
এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ওই সড়ক দিয়ে যাওয়ার পথে সংঘর্ষ দেখতে পান। স্থানীয়দের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি নিজেই ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি আহত হন। পরে জীবনের ঝুঁকি নিয়েই পরিস্থিতি শান্ত করতে ভূমিকা রাখেন বলে জানা গেছে।
এ বিষয়ে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকেও আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।