অনিশ্চয়তা জয় করে সাফল্যের মুখে রাজিবপুর সরকারি কলেজের মোশারফ

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:২২ পিএম

ছবি : মনোযোগ প্রকাশ

কুড়িগ্রাম জেলার রাজিবপুর সরকারি কলেজের ছাত্র মোশারফ হোসেনের এইচএসসি পরীক্ষার যাত্রা শুরু হয়েছিল চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে। পরীক্ষা শুরু হওয়ার আগে তিনি জানতে পারেন—তার ফরম পূরণই সম্পন্ন হয়নি! ফলে পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে দেখা দেয় দুশ্চিন্তা ও হতাশা।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন অ্যাডমিট কার্ড নিতে গিয়ে কলেজ থেকে জানানো হয়, প্রশাসনিক ত্রুটির কারণে তার নাম পরীক্ষার্থীর তালিকায় নেই। ঠিক তখনই বিষয়টি স্থানীয় সংবাদ মাধ্যমের নজরে আসে। গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর শিক্ষা বোর্ড, কলেজ কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। পরিশেষে মোশারফের অ্যাডমিট কার্ড প্রস্তুত হয়, এবং তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

সব বাধা পেরিয়ে মোশারফ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩.২৫ পেয়ে উত্তীর্ণ হন। তার এই সাফল্য শুধু ব্যক্তিগত বিজয় নয়, বরং এক অনুপ্রেরণার গল্প। অনিশ্চয়তার অন্ধকার থেকে বেরিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে তিনি দেখিয়ে দিয়েছেন—পরিশ্রম ও অধ্যবসায় থাকলে বাধা কোনো বিষয় নয়।

উল্লেখ্য, এ বছর সারা দেশে এইচএসসি পরীক্ষার গড় পাসের হার ছিল প্রায় ৫৯ শতাংশ, যেখানে রাজিবপুর সরকারি কলেজের পাশের হার মাত্র ৩৯.৭৮ শতাংশ। কলেজের মোট ২৮১ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৬৯ জন। তাদের মধ্যে ১০৭ জন পাস করেন এবং ১৬২ জন অকৃতকার্য হন। এমন ফলাফলের প্রেক্ষাপটে মোশারফের সাফল্য কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ইতিবাচক আলোড়ন সৃষ্টি করেছে।

রাজিবপুর সরকারি কলেজের শিক্ষকরা জানান, মোশারফের অধ্যবসায় ও ধৈর্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে। ভবিষ্যতে সে আরও বড় সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা কলেজের সবার।

বাধা ছিল শুরুতে, কিন্তু হাল না ছেড়ে লড়ে গেছেন মোশারফ। অনিশ্চয়তাকে জয় করে প্রমাণ করেছেন—ইচ্ছা থাকলে সাফল্য অবধারিত।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970