চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, নারায়ণগঞ্জে আতঙ্ক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৮:৫৯ এএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার রাতে এ হামলা চালায় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এতে প্রায় ৪৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করা হয়েছে।
প্রবাসী মহিউদ্দিনের বাড়ি উপজেলার চর গোয়ালদী কোনাপাড়া এলাকায়। ঘটনার পরদিন শুক্রবার তার স্ত্রী জাকিয়া বেগম সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে স্থানীয় আব্দুল জলিলসহ ১২ থেকে ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে আব্দুল জলিলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত প্রবাসীর বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর করে। পরে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়।
এরপর নগদ অর্থ, স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল ফোন ও ট্যাবসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় তারা। ভুক্তভোগীদের দাবি, প্রায় ১৫ ভরি স্বর্ণ, ৫ লাখ টাকা এবং বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় ৪৫ লাখ টাকা।
জাকিয়া বেগম অভিযোগ করে বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালানো হয়। লুটপাটের সময় তাদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয় এবং ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির ভয় দেখানো হয়।
পরিবারের আরেক সদস্য জানান, আলমারিতে থাকা স্বর্ণালংকারসহ সবকিছু জোরপূর্বক নিয়ে যায় হামলাকারীরা।
ঘটনার পর অভিযুক্ত আব্দুল জলিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, হামলা ও লুটপাটের অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।