সরকারি রাস্তার ইট তুলে ইউপি মেম্বারের বাড়িতে পাকা বাথরুম
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:২৪ পিএম
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম নুঠুরচর গ্রামে সরকারি রাস্তার ইট তুলে নিজ বাড়িতে পাকা বাথরুম নির্মাণের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত আয়েশা বেগম সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলা পরিষদের আওতায় কাবিটা কর্মসূচির মাধ্যমে প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে জসিম মিয়ার বাড়ি থেকে আজমত হোসেনের বাড়ি পর্যন্ত প্রায় ৬০০ মিটার গ্রামীণ সড়কে মাটি ভরাট ও ইটের সলিং করা হয়।
গ্রামবাসীর অভিযোগ, প্রকল্পের সভাপতি ছিলেন আয়েশা বেগম নিজেই এবং কাজের দায়িত্ব পান তার স্বামী তোফাজ্জল হোসেন। কয়েক মাস আগে দিনের বেলায় রাস্তার ইট খুলে রিকশাভ্যানে করে বাড়িতে নেওয়া হয়। পরে সেই ইট দিয়ে পাকা বাথরুম ও পায়খানা নির্মাণ করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।
গ্রামের মোড়ল আব্দুল হালিম বলেন, পাশের প্যারাজানি বিলে হাজারো একর জমিতে বোরো ও রোপা ধানের আবাদ হয়। কৃষকদের মাঠে যাতায়াত ও ফসল পরিবহনের একমাত্র ভরসা ছিল এই সড়ক। কিন্তু ইট তুলে নেওয়ায় বর্ষায় রাস্তা ভেঙে চলাচলে চরম দুর্ভোগ তৈরি হয়েছে।
স্থানীয় প্রবীণ আব্দুল জলিল অভিযোগ করে বলেন, সরকারি টাকায় নিম্নমানের কাজ করার পর এখন সেই রাস্তার ইট তুলে নিজেদের বাড়িতে ব্যবহার করা হয়েছে। প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না বলেও দাবি করেন তিনি।
রবিবার অভিযুক্ত ইউপি সদস্যের বাড়িতে গিয়ে রাস্তার কাজের সাইনবোর্ড বাথরুমের পাশে পড়ে থাকতে দেখা গেছে বলে জানান স্থানীয়রা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য আয়েশা বেগম। তিনি দাবি করেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা রাস্তার ইট চুরি করে নিয়ে গেছে। এ কারণে রাস্তার ক্ষতি হয়েছে।
অন্যদিকে তার স্বামী ও ঠিকাদার তোফাজ্জল হোসেন বলেন, চারটি রাস্তার কাজ শেষে প্রায় সাড়ে তিন হাজার ইট অবশিষ্ট ছিল। সেই অতিরিক্ত ইট দিয়েই বাড়িতে বাথরুম নির্মাণ করা হয়েছে।
এ বিষয়ে গোপালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের তিন দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের খরচে রাস্তা মেরামত না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।