বগুড়ায় একসঙ্গে মদপানের পর ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১১:০৩ পিএম
বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
সোমবার (১৮ মে) সকালে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় উল্লেখ করা হয়েছে, রোববার রাতে মহানগরীর ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- ফুলবাড়ি দক্ষিণ হাজীপাড়ার কাওসার (১৯), ফুলবাড়ি দক্ষিণপাড়ার বাঁধন পাইকার (১৯) এবং উত্তর কাটনারপাড়া এলাকার রকি (১৯)।
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার ওই তরুণীর সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই পরিচয় ও বন্ধুত্ব ছিল। রোববার রাত ৮টার দিকে তিনি মহানগরীর পুলিশ প্লাজার সপ্তম তলায় একটি দোকানে যান। সেখানে আগে থেকেই কয়েকজন উপস্থিত ছিলেন। পরে তারা একসঙ্গে মদপানের পরিকল্পনা করেন এবং একটি হোটেল থেকে মদ সংগ্রহ করেন।
এরপর রাত সোয়া ১০টার দিকে তারা ফুলবাড়ি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন শ্মশানঘাট এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে যান। সেখানে আরও একজন যোগ দেন।
অভিযোগে বলা হয়, মদপানের একপর্যায়ে অভিযুক্তরা পালাক্রমে ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে বাঁধন তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় শিববাটির বিগবাজার এলাকায় পৌঁছালে তরুণী চিৎকার করে পথচারীদের সহযোগিতা চান। এ সময় অভিযুক্ত বাঁধন পালিয়ে যান।
খবর পেয়ে ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী জানান, মামলার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে।