মোহাম্মদপুরে রাস্তার পাশ থেকে মানুষের খুলি ও হাড় উদ্ধার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১১:২৬ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে রাস্তার পাশ থেকে মানুষের মাথার খুলিসহ কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে কাদেরাবাদ হাউজিং এলাকার একটি সড়ক থেকে এসব হাড়গোড় উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, কাদেরাবাদ হাউজিংয়ের ২ নম্বর রোডের সি-ব্লকের ৭ নম্বর বাড়ির সামনে একটি বৈদ্যুতিক খুঁটির গোড়ায় মানুষের হাড়গোড় সদৃশ কিছু পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। পরে বিকেল ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মানুষের মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করে।
মোহাম্মদপুর থানার এসআই আখতারুজ্জামান সরকার জানান, উদ্ধার হওয়া কঙ্কালের অংশগুলো ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর কঙ্কালটি নারী না পুরুষের এবং কতদিন আগের তা নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাড়গুলো অনেক পুরোনো। তবে কীভাবে সেগুলো সেখানে এসেছে, সে বিষয়ে স্থানীয় কেউ কোনো তথ্য দিতে পারেননি। ঘটনাস্থলের আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই বলে জানিয়েছে পুলিশ।