মাদারীপুরে শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মিষ্টি বাড়ৈ নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

রোববার (১৭ মে) গভীর রাতে ওই এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস (২৪), তার স্ত্রী ইশা দাস (১৯) এবং তাদের ৮ মাস বয়সী শিশু সন্তান জেমি দাস।

পুলিশ জানায়, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় প্রায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, রোববার সন্ধ্যায় চিন্ময় দাস তার স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে ওই বাসায় ওঠেন। পরে গভীর রাতে মিষ্টি বাড়ৈ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ হেফাজতে থাকা মিষ্টি বাড়ৈ দাবি করেছেন, রাতে দীর্ঘ সময় দরজায় ধাক্কাধাক্কি করেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন।

ঘটনার সময় পাশের কক্ষে একাই ছিলেন মিষ্টি বাড়ৈ। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা— তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে তাকে সন্দেহের তালিকায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।

মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মাদারীপুর র‍্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মনির হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্ত শুরু হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970