চট্টগ্রামে প্রেমিকার বিয়ের আসরে যুবকের বিষপান, অবস্থা আশঙ্কাজনক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১০:৫১ পিএম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় বিয়ের আসরে গিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দকুচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অসুস্থ ওই যুবকের নাম মোহাম্মদ সাহাব উদ্দিন। তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের মো. ইয়াছিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার একটি কলেজে পড়াশোনার সময় সৈয়দকুচিয়া গ্রামের এক তরুণীর সঙ্গে সাহাব উদ্দিনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। তবে সম্প্রতি মেয়েটির পরিবার অন্যত্র বিয়ে ঠিক করলে দুই পরিবারকে রাজি করানোর চেষ্টা করেও ব্যর্থ হন সাহাব উদ্দিন।
শুক্রবার বিকেলে তরুণীর বিয়ের অনুষ্ঠান চলাকালে সাহাব উদ্দিন সেখানে উপস্থিত হয়ে সবার সামনে বিষপান করেন বলে জানা গেছে। এ সময় মেয়েটির স্বজনরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাহাব উদ্দিনের বড় ভাই নঈম উদ্দিন বলেন, তাদের সম্পর্কের বিষয়টি জানার পর মেয়ের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে অন্যত্র বিয়ে ঠিক করেন। শুক্রবার বিকেলে খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার ভাইয়ের মুখে বিষের গন্ধ পান বলে জানান তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, সাহাব উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।