পদ্মার পাঙাশের দামে চমক: ২৬ কেজির মাছ বিক্রি হলো ৭০ হাজার টাকায়
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের বিশাল এক পাঙাশ মাছ। রবিবার (২ নভেম্বর) সকালে এই মাছটি ৭০ হাজার টাকায় কিনে নিয়েছেন এক অস্ট্রেলিয়া প্রবাসী।
স্থানীয় জেলে সোনাই হালদারের জালে ভোরে মাছটি ধরা পড়ে বাহির চর ছাত্তার মেম্বার পাড়ার কলাবাগান এলাকায়। পরে মাছটি দৌলতদিয়া ঘাট মাছ বাজারের আড়ৎদার হালিম সরদারের আড়তে তোলা হয় নিলামে। সেখানে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ২ হাজার ৬০০ টাকা দরে ৬৭ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন।
শাহজাহান শেখ বলেন, “নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি মাছটি কিনে নিই। পরে মাছটির ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করার পর অস্ট্রেলিয়া প্রবাসী কবির নামে এক ব্যক্তি তার পরিবারের জন্য মাছটি প্রতি কেজি ২ হাজার ৭০০ টাকা দরে মোট ৭০ হাজার টাকায় কিনে নেন।” পরবর্তীতে মাছটি কুষ্টিয়াতে ডেলিভারি দেওয়া হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, “ইলিশ রক্ষা অভিযানের কারণে ২২ দিন জেলেরা নদীতে নামতে না পারায় অন্যান্য মাছগুলো বড় হওয়ার সুযোগ পেয়েছে। এখন নদীতে বড় পাঙাশ মাছ পাওয়া যাচ্ছে, যা জেলেদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে।”
এই বিশাল পাঙাশের ছবি ও দাম সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।