মালবাহী জাহাজ ভাড়ায় এনে কেটে বিক্রি করলেন ছাত্রদল নেতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

ভাড়ায় আনা একটি মালবাহী জাহাজ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেনের বিরুদ্ধে। সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে তার বাবার মালিকানাধীন এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে টানা ১৫ দিন ধরে জাহাজটি কেটে ফেলা হয়।

জাহাজের মালিক চট্টগ্রামের ব্যবসায়ী রাকেশ শর্মা এ ঘটনায় গত মঙ্গলবার রাতে সোনারগাঁ থানায় মামলা করেন। তিনি দাবি করেছেন, জাহাজটি কেটে বিক্রি করে দেওয়া হওয়ায় তার প্রায় ১ কোটি ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মামলার পর বুধবার সকালে নজরুল ইসলাম নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

জানা যায়, গত ১ নভেম্বর শাহাদাতের নেতৃত্বে চট্টগ্রাম থেকে ডিবি (ডাম্ব বার্জ) নামের জাহাজটি ৭ লাখ ২০ হাজার টাকায় এক মাসের জন্য ভাড়া করা হয়েছিল। পরবর্তীতে শাহাদাত ও তার সহযোগী মো. জাফর, ইকবাল হোসেন, নজরুল ইসলামসহ ১০–১৫ জনের একটি চক্র শিপইয়ার্ডে নিয়ে জাহাজটি কেটে স্টিলের প্লেট বিক্রি করে দেয়।

জাহাজের মালিক রাকেশ শর্মা জানান, জাফর নামে এক ব্যক্তি পরিবহনের জন্য জাহাজ ভাড়া করলেও পরে শাহাদাত হোসেনের সঙ্গে মিলে সেটি নিজেদের শিপইয়ার্ডে নিয়ে কেটে ফেলা হয়। এ বিষয়ে শাহাদাতের বাবা এবং শিপইয়ার্ডের মালিক রফিকুল ইসলাম প্রথমে ক্ষতিপূরণের আশ্বাস দিলেও পরে টালবাহানা শুরু করেন, ফলে তিনি মামলা করতে বাধ্য হন।

অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাত হোসেনের মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। তার বাবা ও শিপইয়ার্ডের মালিক বিএনপি নেতা রফিকুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেরে জাহাজ কাটা বন্ধ রাখা হয়েছে। মালিকপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, মামলা গ্রহণ করা হয়েছে এবং এক অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, রফিকুল ইসলাম অতীতে জাতীয় পার্টির ঘনিষ্ঠ ছিলেন এবং তার প্রভাবের কারণেই শাহাদাত বিভিন্ন শিল্পকারখানায় চাঁদাবাজিসহ নানা অপকর্ম করতেন। মামুনুল হক রিসোর্টকাণ্ডে নাম আসার পর রফিকুল পুনরায় বিএনপিতে ফিরে আসেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970