কুড়িগ্রামে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার

মো. আতিকুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম

কুড়িগ্রামে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার। ছবি: মনোযোগপ্রকাশ

‎কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়ার ভাসানীপাড়া এলাকায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। হঠাৎ গাছের ডালে ঝুলে থাকা বিশাল আকৃতির অজগরটিকে দেখতে পেয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকাবাসীর ভিড় আরও বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামবাসীরা তৎক্ষণাৎ থানায় যোগাযোগ করেন।

‎ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, বন বিভাগ এবং সমাজসেবা বিভাগের কর্মকর্তারা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের সহায়তায় বলদিয়া বাজারের বিখ্যাত সাপুড়ে মোজাহারও উদ্ধার অভিযানে অংশ নেন। উৎসুক জনতার চাপ বাড়তে থাকায় পুলিশ দ্রুত সাপটির চারপাশে সুরক্ষাবেষ্টনী তৈরি করে, যাতে অজগরটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

‎ভুরুঙ্গামারীর সার্কেল এসপি মুনতাসির মামুন জানান, ‘কয়েকদিন আগে ভারতের কালজানী নদী দিয়ে কাঠসহ বিভিন্ন ভাসমান বস্তু ভেসে আসে। ধারণা করা হচ্ছে, সেসময় ভেসে আসা গাছের সঙ্গেই অজগরটি এপারে পৌঁছেছে।’

‎স্থানীয় কৃষকরা বলেন, দুপুরে জমিতে কাজ করার সময় প্রথম তারা সাপটিকে দেখে। তাদের চোখ পড়তেই দেখা যায়, একটি বড় গাছের ডালে মোটা, দীর্ঘ অজগরটি স্থির হয়ে ঝুলে আছে। এ দৃশ্য দ্রুত পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

‎পুলিশের সমন্বিত পদক্ষেপে অজগরটিকে সফলভাবে উদ্ধার করে নিরাপদে কুড়িগ্রাম বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বন বিভাগ জানায়, সাপটির শারীরিক অবস্থা ভালো রয়েছে এবং কোনো আঘাত পাওয়া যায়নি। পর্যবেক্ষণ শেষে এটিকে বন্য পরিবেশে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970