৪০০ মাইল দূরে বদলি, ফেসবুক লাইভে ক্ষোভ ঝাড়লেন শিক্ষক নেতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

সারা দেশে সহকারী শিক্ষকদের বদলির সাম্প্রতিক আদেশ নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল কাশেম। গত ৪ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত আদেশে ৪২ জন শিক্ষককে বদলি করা হয়। এর মধ্যে ছিলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমও।

বৃহস্পতিবার জারি হওয়া আদেশ অনুযায়ী, তাকে দীর্ঘদিনের কর্মস্থল থেকে প্রায় ৪০০ মাইল দূরে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফেসবুক লাইভে এসে আবুল কাশেম বলেন, “আমাকে সাড়ে ৪০০ মাইল দূরে বদলি করা হয়েছে, তাতে আমি বিচলিত নই। আমার মতো তিন দফা দাবি আদায়ের নেতৃত্ব দেওয়া শতাধিক শিক্ষককে পার্শ্ববর্তী জেলা বা বিভাগে বদলি করা হয়েছে। আরও অনেককে বদলি করা হতে পারে—এ নিয়ে কেউ উদ্বিগ্ন হবেন না।”

তিনি আরও জানান, “খুব শিগগিরই আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। সে কারণে যদি জেলে যেতে হয়, তাতেও প্রস্তুত আছি।”

বদলি বিষয়ে মন্তব্য জানতে একাধিকবার ফোন করলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানা গেছে।

অন্যদিকে ফুলপুরে সহকারী শিক্ষকদের আন্দোলনের কারণে সব পরীক্ষা স্থগিত হয়েছিল। পরে অভিভাবকদের দাবির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ইউএনওর নির্দেশে পরীক্ষাগুলো পুনরায় শুরু হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970