নিঃশর্ত ক্ষমা চেয়ে শোকজের জবাব দিলেন সেই চিকিৎসক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ নিঃশর্ত ক্ষমা চেয়ে শোকজের জবাব দিয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি হাসপাতাল পরিচালকের কাছে নোটিশের জবাব জমা দেন।
ধনদেব চন্দ্র বর্মণ জানান, “ডিজি বয়স্ক মানুষ, আমারও বেয়াদবি হয়েছে। শোকজের জবাবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছি।”
গতকাল শনিবার স্বাস্থ্যের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফর ময়মনসিংহ মেডিক্যাল কলেজের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিলনায়তনে সেমিনারে যোগ দিতে আসেন। সেমিনারে যোগ দেওয়ার আগে হাসপাতাল পরিদর্শনকালে জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মণের সঙ্গে তর্কে জড়ান। এরপর বিকেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শোকজ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জবাব চেয়ে নোটিশ দেন।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান জানান, “শোকজের জবাব পেয়েছি। এখন চিকিৎসকের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে, তা পরে জানা যাবে।”