বিশ্বকাপের আগে বিপাকে মেসির আর্জেন্টিনা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১১:১৭ এএম

ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আর মাত্র পাঁচ মাস বাকি। শিরোপা ধরে রাখার লক্ষ্য সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা দল। বিশ্বকাপের আগে আগামী মার্চে ফিনালিসিমায় স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচও খেলবে লিওনেল মেসিরা। তবে মাঠের প্রস্তুতির মাঝেই বড় ধরনের বিপাকে পড়েছে আলবিসেলেস্তেরা।

কর ফাঁকি, ম্যাচ গড়াপেটা ও অর্থ কেলেঙ্কারিসহ একাধিক অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া এবং কোষাধ্যক্ষ পাবলো টোভিগিনোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। অভিযোগ রয়েছে, বুয়েন্স এইরেসের শহরতলির একটি বাড়িতে অবৈধ সম্পদ লুকিয়ে রাখা হয়েছে, যা এএফএর আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত।

২০২৪ সালের মার্চে আর্জেন্টিনার সাবেক ফুটবলার কার্লোস তেভেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে শহরতলির ওই বাড়িতে এএফএর এক কর্মকর্তার সন্দেহজনক চলাচলের অভিযোগ তোলেন। তেভেজের দাবি, সেখানে অর্থভর্তি ব্যাগ মাটিতে পুঁতে রাখা হয় এবং একটি পুরনো মূল্যবান গাড়িও লুকিয়ে রাখা হয়েছে।

এই অভিযোগের পর রাজনৈতিক দল কোয়ালিশন সিভিক তদন্তের দাবি জানালে পুলিশ আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে। তদন্তে বেরিয়ে আসে, ওই বাড়িটিই নাকি এএফএর আর্থিক অনিয়মের কেন্দ্র। এতে শুধু এএফএ নয়, বেশ কয়েকটি ক্লাবের সংশ্লিষ্টতার কথাও উঠে এসেছে। অর্থ জালিয়াতি, ম্যাচ গড়াপেটা ও অবৈধ অর্থ বণ্টনের মতো অভিযোগও রয়েছে।

ডিসেম্বরের শেষদিকে আর্থিক পরিষেবা প্রদানকারী একাধিক প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়। পাশাপাশি শহরতলির ওই বাড়ি থেকে একটি হেলিপোর্ট এবং ৫৪টি গাড়ির সন্ধান পাওয়ার তথ্যও জানিয়েছে পুলিশ।

একটি রাজনৈতিক দলের দাবি, এএফএ সভাপতি তাপিয়া ও কোষাধ্যক্ষ টোভিগিনোর অর্থপাচার কার্যক্রমের সঙ্গেই এসব অবৈধ সম্পত্তি জড়িত। অভিযোগ অনুযায়ী, প্রায় ১৩ মিলিয়ন ডলার জালিয়াতির মাধ্যমে কর ফাঁকি দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ নিয়ে এখনো এএফএর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মাঠে মেসিদের নেতৃত্বে আর্জেন্টিনা যখন একের পর এক সাফল্য পাচ্ছে, তখন সংস্থার শীর্ষ কর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগে ক্ষুব্ধ দেশটির ফুটবলপ্রেমীরা। অনেকেই মনে করছেন, এই দুর্নীতি কাণ্ডের প্রভাব আসন্ন বিশ্বকাপে দলের পারফরম্যান্সেও পড়তে পারে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। এবার প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে ১২টি গ্রুপে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970