বিসিবির সেই হারানো পদ ফিরে পেলেন পরিচালক নাজমুল ইসলাম
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম তার হারানো পদ পুনরায় ফিরে পেয়েছেন। সপ্তাহ খানেক আগে তার এক মন্তব্যকে কেন্দ্র করে ক্রিকেটাঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়েছিল।
এরপর বোর্ড তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। শুরুতে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব না দেওয়ায় তাকে ফাইন্যান্স কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়।
নাজমুল নির্ধারিত সময়ের পরে শোকজের জবাব দেন এবং ডিসিপ্লিন কমিটিকে তার অবস্থান জানান। বোর্ড সন্তুষ্ট হওয়ায়, গতকাল বোর্ড সভার সিদ্ধান্তে তিনি আবার তার পদে ফেরেন। এখন থেকে তিনি ফাইন্যান্স কমিটির সব কাজ পরিচালনা করতে পারবেন।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের উত্তরে নাজমুল বলেন, “ক্রিকেটাররা খেললে ম্যাচ ফি পায়, বোর্ডের কোনো ক্ষতি হয় না। টাকা ফেরত চাইবেন কি?” তার মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটার সংগঠন কোয়াব পদত্যাগ দাবি করে এবং বিপিএল স্থগিত ঘোষণা করে। পরে বোর্ড ও কোয়াবের বৈঠকের পর খেলায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়।