যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৯:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা দেশের ইচ্ছায় ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া সম্ভব নয়। বরং নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কথা বিবেচনা করা উচিত।

প্রায় দুই সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন স্থানে সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাল্টা জবাবও দিচ্ছে ইরান। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার ইরানের ফুটবলারদের উদ্দেশে সতর্কবার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে স্বাগত জানানো হবে, তবে বর্তমান পরিস্থিতিতে জীবন ঝুঁকি নিয়ে তাদের এখানে আসা ঠিক হবে কি না, তা নিয়ে তার সন্দেহ রয়েছে।

এবারের ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই মন্তব্যের জবাব দিয়ে ইরানের জাতীয় দলের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এখানে কোনো ব্যক্তি বা দেশের একক সিদ্ধান্তে কিছু নির্ধারিত হয় না।

ইরানের ফুটবল দলের বক্তব্য অনুযায়ী, দেশটির জাতীয় দল তাদের শক্তি, দক্ষতা ও সাহসী ফুটবলারদের পারফরম্যান্সের মাধ্যমে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে। সেই যোগ্যতার ভিত্তিতেই তারা বিশ্বকাপে অংশ নেওয়ার অধিকার অর্জন করেছে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শক্তিশালী দলগুলোর অন্যতম।

তাদের দাবি, কেউ ইচ্ছা করলেই ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না। বরং যদি বাদ দেওয়ার প্রশ্ন ওঠে, তাহলে এমন দেশকে বিবেচনা করা উচিত যারা শুধু আয়োজক হলেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না।

উল্লেখ্য, এশিয়ার প্রতিনিধি হিসেবে গত বছর বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে তাদের ম্যাচ হওয়ার কথা লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970