রোনালদোর নিষেধাজ্ঞা স্থগিত, বিশ্বকাপ খেলতে আর বাধা নেই
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১০:৩৩ এএম
পর্তুগালের তারকা ফুটবলার ও অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ২০২৬ বিশ্বকাপের শুরুর ম্যাচগুলোতে খেলতে পারবেন। মঙ্গলবার ফিফা জানায়, তাঁর তিন ম্যাচের নিষেধাজ্ঞার শেষ দুইটি স্থগিত রাখা হয়েছে।
এ মাসের শুরুতে বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনে অনুষ্ঠিত ম্যাচে ডিফেন্ডার দারা ও'শিয়াকে কনুই মারায় লাল কার্ড দেখেন রোনালদো। সেই ম্যাচে ২-০ গোলে হার মানে পর্তুগাল।
লাল কার্ডের কারণে গ্রুপের শেষ ম্যাচে তিনি খেলতে পারেননি। তবে সেই ম্যাচে আর্মেনিয়াকে ৯-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে পর্তুগাল। পরে ফিফা নিশ্চিত করে, ৪০ বছর বয়সী রোনালদোর জন্য তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হলে অবশিষ্ট দুই ম্যাচ আর কাটাতে হবে না।
ফিফার বিবৃতিতে জানানো হয়, “ফিফা ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর ধারায় উল্লেখিত নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞার বাকি দুই ম্যাচ এক বছরের প্রবেশন সময়ে স্থগিত করা হয়েছে।”
আরও বলা হয়, “এই সময়ের মধ্যে রোনালদো যদি একই ধরনের অপরাধে জড়ান, তবে স্থগিতাদেশ বাতিল হয়ে যাবে এবং পর্তুগালের পরবর্তী অফিসিয়াল ম্যাচ থেকেই তাঁকে নিষেধাজ্ঞার বাকি দুই ম্যাচ কাটাতে হবে।”