ফুটবল মাঠে যেন ‘যুদ্ধ’, এক ম্যাচেই ১৭ লাল কার্ড!
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:৫২ এএম
ফুটবল মাঠে উত্তেজনা নতুন কিছু নয়, তবে বলিভিয়ান কাপে এক ম্যাচে যা ঘটেছে তা নজিরবিহীন। রিয়াল অরুরো ও ব্লুমিংয়ের মধ্যে কোয়ার্টার ফাইনালে ম্যাচ শেষে রেফারি একসঙ্গে দেখালেন ১৭টি লাল কার্ড—যেন মাঠে খেলার বদলে যুদ্ধই বেধে গিয়েছিল!
ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে সেমিফাইনালে ওঠে ব্লুমিং। শেষ বাঁশি বাজতেই হারের হতাশায় অরুরোর খেলোয়াড়দের সঙ্গে ব্লুমিংয়ের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে শুরু হয় মারামারি।
অফিসিয়াল রিপোর্টে জানানো হয়েছে, ব্লুমিংয়ের ১০ জন এবং অরুরোর ৭ জন—মোট ১৭ জন খেলোয়াড় ও স্টাফকে লাল কার্ড দেখানো হয়েছে ম্যাচ শেষে।
ঘটনার সূত্রপাত করেন অরুরোর সেবাস্তিয়ান জেবালোস। তিনি প্রতিপক্ষের এক খেলোয়াড়কে আঘাত করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর তার সতীর্থ জুলিও ভিলাও মারামারিতে যোগ দেন। অরুরোর কোচ মার্সেলো রবলেদোও জড়িয়ে পড়েন এবং ব্লুমিং কোচের ওপর চড়াও হন।
মাঠে তখন ঘুষি, ধাক্কাধাক্কি, লাথি—সবই চলছে একসঙ্গে। কয়েকজন খেলোয়াড় ও স্টাফ আহত হন। এমনকি ব্লুমিং কোচিং স্টাফের একজনের চোয়াল ভেঙে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশকে টিয়ার গ্যাস ছুঁড়তে হয়। বলিভিয়ান মিডিয়ার তথ্যমতে, ঘটনার তদন্তে স্পোর্টস ডিসিপ্লিনারি কোর্ট ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে।