বিএনপি নেতার ঘরে তালা দিয়ে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পিএম
লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার বসতঘরের দরজায় তালা লাগিয়ে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘরের মালিক বেলাল হোসেনসহ তার আরও দুই মেয়ে দগ্ধ হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে আয়েশা আক্তার (৭) নামে বেলাল হোসেনের এক মেয়ে মারা যায়। দগ্ধ অপর দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাতে বেলাল হোসেন স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ভুক্তভোগী বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং স্থানীয়ভাবে সার ও কীটনাশকের ব্যবসায়ী বলে জানা গেছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় এক শিশু নিহত এবং তিনজন দগ্ধ হয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে।
এদিকে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি পরিকল্পিত নাশকতা কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।