না ফেরার দেশে কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর
মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ এএম
কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মো. রায়হান কবীর আর নেই। সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুম রায়হান কবীর কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রয়াত মাওলানা মোজাম্মেল হকের কনিষ্ঠ পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনিসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি একাধিকবার দেশের বাইরেও চিকিৎসা গ্রহণ করেছিলেন।
গত ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে কুড়িগ্রাম জেলা যুবদলের নেতাকর্মীদের সঙ্গে ঢাকায় যান রায়হান কবীর। অনুষ্ঠান চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়লে নেতাকর্মীরা দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবরে কুড়িগ্রাম জেলা যুবদলসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা জানান, রায়হান কবীর ছিলেন একজন দায়িত্বশীল, ন্যায়পরায়ণ, নিরহংকার ও স্নেহশীল মানুষ।
পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তির অধিকারী এই নেতার আকস্মিক মৃত্যুতে কুড়িগ্রাম জেলা যুবদল এক অপূরণীয় শূন্যতার সম্মুখীন হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা।