প্রচারণার প্রথম দিনেই বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০১:১০ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই কুমিল্লা-২ আসনের হোমনা উপজেলায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৫টার দিকে হোমনা ওভার ব্রিজের নিচে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়ার সমর্থক এবং বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিন ও হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল হক জহর কর্মী-সমর্থকদের একটি গাড়িবহর নিয়ে শ্রিমদ্দির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হোমনা ওভার ব্রিজের নিচে পৌঁছালে বিএনপি নেতাকর্মীরা ওই গাড়িবহরে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ঘটনার সময় তিনি একটি মিটিংয়ে ছিলেন। তার দাবি, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বিএনপির প্রার্থীকে নিয়ে উসকানিমূলক স্লোগান দিতে দিতে শ্রিমদ্দির দিকে যাচ্ছিলেন। এ সময় নিষেধ করা হলে সংঘর্ষের সূত্রপাত হয় এবং বিএনপির একাধিক কর্মী আহত হন।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল হক জহর অভিযোগ করে বলেন, মরহুম এমকে আনোয়ারের কবর জিয়ারত শেষে শ্রিমদ্দিতে যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীরা তাদের গাড়িবহরে হামলা চালায়। এতে তার গাড়ি ভাঙচুর করা হয় এবং ৭-৮ জনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের কয়েকজন আহত হলেও বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।