বিএনপির উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মারা গেছেন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম
নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা আর নেই।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
মরহুম আব্দুর রশিদ মোল্লা স্ত্রী, চার ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার বাদ আছর নরসিংদী কালেক্টরেট মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ এশা শিবপুর উপজেলার জয়নগর গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হবে।
মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ এবং নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান ভূইয়া। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।