সন্তানের মরদেহ নিয়ে প্রেমিকের বিচারের দাবিতে মায়ের মানববন্ধন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে ১৩ মাসের কন্যাসন্তানের মরদেহ নিয়ে প্রেমিকের বিচার দাবিতে মানববন্ধন করেছেন এক ভুক্তভোগী মা। সোমবার দুপুরে সদর উপজেলার পূর্ব ভাউতিতা গ্রামের একটি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী মা, তার পরিবার ও স্থানীয়রা অংশ নেন।

নিহত শিশুটির নাম জেসমিন এবং তার মায়ের নাম লিয়া মনি আক্তার।

লিয়া মনি আক্তার জানান, ২০২১ সালে একই এলাকার হৃদয় ব্যাপারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হন। ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। জন্মের সময় হৃদয় ও তার স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন এবং পরে বিয়ের আশ্বাস দেন।

তবে ১৯ ফেব্রুয়ারি বাড়ি ফেরার পথে হৃদয় ও তার স্বজনরা কৌশলে নবজাতককে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। পরে শিশুটিকে রাস্তার পাশে ফেলে রাখা হয়। এক ভিক্ষুক শিশুটিকে উদ্ধার করে একটি শিশু নিবাসে পাঠান।

ঘটনার প্রায় তিন মাস পর বিষয়টি জানতে পারেন লিয়া মনি ও তার পরিবার। পরবর্তীতে ডিএনএ পরীক্ষাসহ আইনি প্রক্রিয়া শেষে ৯ মার্চ অসুস্থ অবস্থায় শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পরদিন তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ৯ মার্চ হৃদয় ব্যাপারীসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেন শিশুটির মা। অভিযুক্ত হৃদয় ব্যাপারী এখনো পলাতক রয়েছে।

অন্যদিকে, হৃদয়ের বাবা আবুল ব্যাপারী অভিযোগটি মিথ্যা বলে দাবি করেছেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ জানান, মামলার আসামিরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970