ওসমান হাদির জানাজায় অংশ নিতে মানিক মিয়াতে লাখো মানুষের ঢল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের গণঅভ্যুত্থানের শীর্ষ নেতা শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের ঢল নেমেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ দলে দলে সেখানে সমবেত হন।

বেলা সাড়ে ১১টার আগেই পুরো মানিক মিয়া অ্যাভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ এবং ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শোকাহত মানুষের চোখে জল থাকলেও হত্যাকারীদের বিচারের দাবিতে সবাই ছিলেন সোচ্চার।

জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিপুল সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি র‍্যাব, আনসার ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির পাশাপাশি বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে একটি শোক মিছিলের মাধ্যমে শহীদ হাদির মরদেহ জানাজার মাঠে আনার প্রস্তুতি চলে। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইনকিলাব মঞ্চ সূত্রে জানানো হয়েছে, শহীদ হাদির পরিবারের ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় তাকে শেষ বিদায় জানানো হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ১৯ ডিসেম্বর সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়।

গণঅভ্যুত্থানের পর থেকে তরুণ প্রজন্মের কাছে সাহস ও প্রতিবাদের প্রতীক হিসেবে পরিচিত হয়ে ওঠা ওসমান হাদির জানাজায় মানুষের এই বিপুল উপস্থিতি তার জনপ্রিয়তারই প্রতিফলন বলে মনে করছেন অনেকে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970