হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, বন্ধ যান চলাচল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। এতে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন। পরে তারা সড়কে বসে পড়ে অবরোধ কর্মসূচি শুরু করেন।
এ সময় বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে’, ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।
অবরোধ চলাকালে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ চলবে। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপনের কর্মসূচিও পালন করা হবে বলে ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশাযোগে ফেরার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সেদিনই তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।