যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ পিএম
শহিদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে কাউকে ‘নিরাপদ প্রস্থান’ করতে দেওয়া হবে না। পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও জাতীয় সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও জানান তিনি।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র-জনতা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার নেপথ্যে থাকা পরিকল্পনাকারীদের শনাক্তের দাবিতে স্লোগান দেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।
আন্দোলনকারীদের অভিযোগ, হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় সরকার গড়িমসি করছে, যা শহিদদের আত্মত্যাগের সঙ্গে সাংঘর্ষিক। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আব্দুল্লাহ আল জাবের সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, যারা মনে করছেন কিছুদিন ক্ষমতায় থেকে বিদেশে চলে যাবেন, তাদের সেই ধারণা ভুল। জনগণ রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা মেনে নেবে না।
তিনি আরও দাবি করেন, প্রায় ১ হাজার ৪০০ শহিদের রক্তের বিনিময়ে গঠিত বর্তমান সরকার এখনো হত্যাকারীদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে। হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় কারা বাধা সৃষ্টি করছে—সে প্রশ্ন তুলে তিনি সংশ্লিষ্টদের নাম প্রকাশের দাবি জানান।
আব্দুল্লাহ আল জাবের বলেন, বিচার নিশ্চিত করা হলে আন্দোলনকারীরাই নিরাপত্তা দেবে, আর ব্যর্থ হলে সরকারকে এর দায় নিতে হবে।