হাদি হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ পিএম
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ফের রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ কর্মসূচির ফলে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে জরুরি সেবা বিবেচনায় অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ রাখা হয়েছে।
দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা শাহবাগে জড়ো হতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকা মানুষের ভিড়ে পূর্ণ হয়ে ওঠে। এ সময় বিভিন্ন স্লোগানে শাহবাগ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘এ লড়াইয়ে জিতবে কারা, হাদির সৈনিকেরা’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ-ইনসাফ’সহ নানা স্লোগান দেন।
এর আগে রোববার দুপুর ২টা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের শনিবার রাতে শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন।
পরে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর ঢাকাসহ দেশের আট বিভাগে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।