ইসির সামনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে রিটকারীকে রাস্তায় ফেলে মারধর
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম
নির্বাচন কমিশনের সামনে বিএনপির এক প্রার্থীর বিরুদ্ধে রিটকারীকে রাস্তায় ফেলে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগকারী ইয়াজদায়িনকে কয়েকজন ব্যক্তি ধাওয়া করেন। একপর্যায়ে তাকে ধরে রাস্তায় ফেলে কিল-ঘুষি মারতে থাকেন তারা।
ভিডিওতে আরও দেখা যায়, ইয়াজদায়িন মাটিতে পড়ে গেলে তাকে এলোপাতাড়ি লাথি মারা হয়। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ ও আনসার সদস্যরা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হামলা বন্ধ করেন।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি চলাকালে এ ঘটনা ঘটে। শুক্রবার নির্বাচন কমিশনে আপিলের সপ্তম দিনের শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৪৮১ থেকে ৫১০ নম্বর আপিলের শুনানি চলছিল।
শুনানি চলাকালীন নির্বাচন কমিশন ভবনের সামনেই এ ধরনের সহিংস ঘটনায় নিরাপত্তা ও নির্বাচন ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।