রাজধানীতে সাঁড়াশি অভিযান, শতাধিক চাঁদাবাজ-কিশোর গ্যাং সদস্য আটক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদককারবারীদের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এ সময় শতাধিক ব্যক্তিকে আটক করে সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত টানা এ অভিযান পরিচালনা করে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল দল। পবিত্র রমজান মাসে নগরবাসী যেন নিরাপদে রোজা পালন ও শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।
অভিযানে নেতৃত্ব দেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান। এ সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে মোহাম্মদপুর ও আদাবর থানার যৌথ উদ্যোগে বিভিন্ন পর্যায়ের শতাধিক অপরাধীকে আটক করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত তল্লাশি ও অভিযান জোরদার করা হয়েছে, যাতে এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা পুনরায় সক্রিয় হতে না পারে।