পল্লবীতে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:৫৫ এএম
রাজধানীর পল্লবী এলাকায় ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পল্লবী থানা সংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুটি, আর থানা গেটের সামনের রাস্তার ওপর একটি- মোট তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
এই ঘটনায় থানা গেটের সামনে দায়িত্বে থাকা পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (নি.) মো. নুর ইসলাম আহত হয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা মোটরসাইকেলে এসে ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে তারা কাজ করছে এবং বিস্ফোরণ ঘটানোদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ আরও জানিয়েছে, এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল করার অনুরোধ করা হয়েছে।