থানার পাশেই একের পর এক খুন, ৬ হত্যার লোমহর্ষক তথ্য দিলেন সিরিয়াল কিলার সম্রাট

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম

ছবি: সংগৃহীত

সাভার মডেল থানার ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত সাভার প্রেসক্লাবসংলগ্ন পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারে গত সাত মাসে সংঘটিত ছয়টি হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সর্বশেষ জোড়া লাশ উদ্ধারের পর পুলিশি তদন্তে বেরিয়ে আসে, এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জড়িত একজন পরিচিত ভবঘুরে, যিনি দীর্ঘদিন ধরে থানার আশপাশেই ঘোরাফেরা করতেন।

পুলিশ জানায়, প্রায় সাত মাস আগে সাভার মডেল মসজিদের সামনে এক নারীর মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের সূচনা হয়। এরপর গত বছরের ২৯ আগস্ট পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে একটি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করা হয়। একই স্থান থেকে ১৯ ডিসেম্বর আরও একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। সর্বশেষ রোববার (১৮ জানুয়ারি) ওই ভবনের দ্বিতীয় তলা থেকে আগুনে পোড়া অবস্থায় দুটি মরদেহ উদ্ধার করা হয়।

জোড়া লাশ উদ্ধারের পর তদন্তকারীরা ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ এবং এক সাংবাদিকের ধারণ করা ভিডিও বিশ্লেষণ করেন। এতে দেখা যায়, এক ব্যক্তি কাঁধে করে মরদেহ বহন করছেন। পরে তাকে শনাক্ত করে অভিযান চালিয়ে মশিউর রহমান খান সম্রাটকে আটক করে পুলিশ।

এ ঘটনায় সাভার থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ বাদী হয়ে রোববার রাতে মামলা করেন। মামলায় সম্রাটসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাকে ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্রাট হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, কোনো পাগল বা ভবঘুরেকে অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তিনি তাদের হত্যা করতেন।

পুলিশ জানায়, সম্রাট প্রথম হত্যাকাণ্ড ঘটান ২০২৫ সালের ৪ জুলাই। ওই রাতে সাভার মডেল মসজিদের সামনে আসমা বেগম নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেন তিনি। এরপর ২৯ আগস্ট পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে এক যুবককে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলেন। একই বছরের ১১ অক্টোবর সেখানে আরও এক নারীকে হত্যা করা হয়। পরে ১৯ ডিসেম্বর আরেক যুবককে হত্যা করেন। সর্বশেষ শনিবার রাতে এক কিশোরীসহ দুজনকে হত্যার পর মরদেহে আগুন দেওয়া হয়।

পুলিশ আরও জানায়, মশিউর রহমান খান সম্রাট তার প্রকৃত নাম নয়। নিজের পরিচয় গোপন রাখতে তিনি ছদ্মনাম ব্যবহার করতেন এবং তার বাড়ি সাভার এলাকায় নয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970