ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নয়, তার স্ত্রী ঋণখেলাপি: বাংলাদেশ ব্যাংক

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:৫০ পিএম

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে ঋণখেলাপি হিসেবে অভিহিত করা ঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, তিনি ব্যক্তিগতভাবে কোনো ঋণের খেলাপি নন; বরং তার স্ত্রীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের নামে নেওয়া ঋণ খেলাপি হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, অনুসন্ধানে দেখা গেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ৩ কোটি টাকা ঋণ নেওয়া একটি প্রতিষ্ঠানের যৌথ মালিক খুরশীদ আলমের স্ত্রী। পরবর্তীতে ওই ঋণ খেলাপি হয়ে যায়। তবে এর সঙ্গে খুরশীদ আলমের ব্যক্তিগত ঋণখেলাপির কোনো সম্পর্ক নেই।

এদিকে, খুরশীদ আলমকে ঘিরে অতীতের একটি অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে। বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ৫৪ লাখ টাকা আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়।

অফিস আদেশ অনুযায়ী, ২০১৭ সালের ৩ এপ্রিল আনা অভিযোগের সত্যতা পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক স্টাফ রেগুলেশনস-২০০৩-এর ৪৪(১)(বি) ধারা অনুযায়ী তার দুইটি বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করা হয়।

তবে এ বিষয়ে বর্তমানে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সে সময় খুরশীদ আলমের বিরুদ্ধে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছিল। ফলে তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা যথাযথ ছিল না। পরবর্তীতে এ কারণেই তিনি নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নর পদে পদোন্নতি লাভ করেন।

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তকে সঠিক বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। আরিফ হোসেন খান বলেন, কোনো ধরনের আন্দোলন, চাপ বা সমালোচনার মুখে কেন্দ্রীয় ব্যাংক তার সিদ্ধান্ত থেকে সরে আসবে না।

তিনি আরও বলেন, একটি সিদ্ধান্ত যদি কোনো পক্ষের চাপের কারণে পরিবর্তন করা হয়, তাহলে ভবিষ্যতে অন্য পক্ষও একইভাবে সিদ্ধান্ত পরিবর্তনের দাবি তুলবে। এভাবে কোনো প্রতিষ্ঠান কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়।

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ভার্চুয়াল সভা আয়োজনের অনুমতি প্রসঙ্গেও কথা বলেন মুখপাত্র। তিনি জানান, বিশেষ পরিস্থিতির কারণে ব্যাংকটির পক্ষ থেকে অনলাইন সভার অনুমতি চাওয়া হয়েছিল এবং বাংলাদেশ ব্যাংক তা অনুমোদন করেছে। বিশেষ পরিস্থিতিতে ভার্চুয়াল বোর্ড সভা আয়োজনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই বলেও জানান তিনি।

উল্লেখ্য, খুরশীদ আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ার পর তুলনামূলক লঘু শাস্তি দেওয়ায় সে সময় বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে সমালোচনার সৃষ্টি হয়েছিল। সম্প্রতি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তার নিয়োগের পর পুরোনো বিষয়গুলো আবারও আলোচনায় এসেছে।

তবে বাংলাদেশ ব্যাংকের দাবি, খুরশীদ আলমকে ঋণখেলাপি হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর এবং তার বিরুদ্ধে উত্থাপিত এ অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970