ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু, কেজিতে দাম কমেছে ৪০ টাকা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ পিএম
টানা তিন মাস বন্ধ থাকার পর আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথম চালান দেশে প্রবেশ করে। রকি এন্টারপ্রাইজের ৩০ টনের পেঁয়াজের ওই চালান আসার খবর বাজারে ছড়িয়ে পড়তেই পাইকারি মোকামে দাম দ্রুত কমে যায়, যার প্রভাব পড়ে খুচরা বাজারেও।
বাজার ঘুরে দেখা গেছে- কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমে গেছে পেঁয়াজের দাম। স্থানীয় শুকনা পেঁয়াজ যেখানে গত কয়েক দিন আগেও ১৩০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা নেমে এসেছে ১০০ টাকায়। আর মুড়িকাটা পাতা পেঁয়াজ ১০০ টাকা থেকে কমে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, “ভারত থেকে আমদানি শুরু হওয়ায় বাজারে স্বস্তি ফিরে এসেছে।”
আরেক ব্যবসায়ী মনোয়ার হোসেন বলেন, “দাম কমায় মানুষেরও কিছুটা স্বস্তি মিলবে।”
হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম জানান, বাণিজ্য মন্ত্রণালয় সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। প্রতিদিন ৫০ জন আমদানিকারক আইপি (ইমপোর্ট পারমিট) পাবেন এবং প্রত্যেকে সর্বোচ্চ ৩০ টন করে আমদানি করতে পারবেন। তার মতে, আইপি আরও উন্মুক্ত করা হলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমবে।