পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস আর ফিরবে না: শিক্ষামন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম
নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, পরীক্ষায় নকল ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আর ফিরে আসবে না। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরীক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ রাখা হবে বলেও জানান তিনি।
শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, যুগোপযোগী ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সমন্বিত সংস্কার কার্যক্রম শুরু করা হবে। কারিকুলাম পর্যালোচনা, ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় গুরুত্ব বাড়ানো এবং চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্ত করা হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ব্যাকডেটেড’ শিক্ষা ব্যবস্থা নিয়ে এগোনো সম্ভব নয়। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ—আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তিনির্ভর ও আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়ন করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী জানান, তার দায়িত্বকালে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। এমপিওভুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠান ভুক্তির বিষয়ে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বেসরকারি শিক্ষকদের বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে; সময় হলে সিদ্ধান্ত জানানো হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।