এসএসসি পরীক্ষায় আবারও ‘সাইলেন্ট এক্সপেল’ চালু, জানুন নতুন নির্দেশনা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৮ এএম
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা আবার চালু করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা থেকে এ তথ্য জানা গেছে।
পাবলিক পরীক্ষায় পরীক্ষার্থীকে হাতেনাতে না ধরেও পরীক্ষার হলে নিয়ম ভঙ্গ—যেমন কথা বলা, ঘাড় ঘোরানো বা অন্যের খাতা দেখে লেখা—এ ধরনের অসদুপায় অবলম্বনের কারণে দায়িত্বরত পরিদর্শক ‘নীরব বহিষ্কার’ করতে পারবেন। এতে পরীক্ষার্থী তাৎক্ষণিকভাবে বুঝতে পারবেন না যে তিনি বহিষ্কৃত হয়েছেন, তবে পরবর্তীতে তার খাতা বাতিল করা হবে।
নীতিমালায় বলা হয়েছে, কোনো পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন বা অন্য কোনো কারণে বহিষ্কার কিংবা নীরব বহিষ্কার করা হলে তার উত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশ না ছিঁড়ে প্রত্যবেক্ষকের প্রতিবেদনসহ নির্ধারিত গোপনীয় ফরমে সঠিকভাবে প্রস্তুত করতে হবে। এরপর সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই উত্তরপত্র আলাদা প্যাকেটে সংরক্ষণ করতে হবে। প্যাকেটের ওপর লাল কালি দিয়ে স্পষ্টভাবে ‘রিপোর্টেড’ লিখে কেন্দ্রের অন্যান্য উত্তরপত্র থেকে পৃথকভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, নীরব বহিষ্কারের ক্ষেত্রে কারণ স্পষ্টভাবে প্রতিবেদনে উল্লেখ করতে হবে। এ ধরনের বহিষ্কৃত পরীক্ষার্থীরা পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নিতে পারবে। তবে পরবর্তী পরীক্ষায় অংশ নিলেও তাদের সব উত্তরপত্র পৃথকভাবে একই নিয়মে জমা দিতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিবেদনে নীরব বহিষ্কারের বিষয়, পত্র ও কারণ উল্লেখ থাকতে হবে।
শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখা এবং অনিয়ম রোধে এই ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত পূর্ণাঙ্গ নীতিমালাটি দেখতে এখানে ক্লিক করুন।