পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রীর পিএস, মাউশির শীর্ষ পদে পেলেন নতুন দায়িত্ব
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০১:২০ এএম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিব অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি পদত্যাগপত্র জমা দেন।
পরে একই দিন শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পদত্যাগের বিষয়ে তিনি বলেন, তিনি সকালে মন্ত্রীর একান্ত সচিবের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শীর্ষ পদে দায়িত্ব নেওয়ার কারণেই তিনি পিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
ড. খান মইনুদ্দিন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির আহ্বায়ক এবং বিসিএস ১৬তম ব্যাচের একজন অভিজ্ঞ কর্মকর্তা। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছিল।