তৃতীয় বিয়ে করলেন অভিনেতা আনিসুর রহমান মিলন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৭:০৪ পিএম
ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন আবারও দাম্পত্য জীবনে পা রেখেছেন। ভালোবাসার মাস ফেব্রুয়ারিতে নীরবে সম্পন্ন হয়েছে তার তৃতীয় বিয়ের আনুষ্ঠানিকতা। বিষয়টি প্রকাশ্যে আসার পর ভক্তদের মাঝে সৃষ্টি হয়েছে কৌতূহল ও আলোচনার।
বৃহস্পতিবার নির্মাতা চয়নিকা চৌধুরী নিজের সত্যায়িত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি মিলনের বাসায় গিয়ে নবদম্পতির সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন।
ছবিগুলোর সঙ্গে দেওয়া বার্তায় নবদম্পতির জন্য শুভকামনা জানান চয়নিকা চৌধুরী। শুধু তিনি নন, সেদিন ছোট পর্দার আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পীও মিলনের বাসায় গিয়ে নতুন বধূকে দেখেন এবং শুভেচ্ছা জানান।
জানা গেছে, মিলনের নতুন স্ত্রীর নাম শিপা। গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আনিসুর রহমান মিলনের ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী ছিলেন লুসি গোমেজ। ১৯৯৯ সালে তাদের বিয়ে হলেও ১৪ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
এরপর তিনি পলি আহমেদকে বিয়ে করেন। তবে ২০২২ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ক্যানসারের সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পলি আহমেদ। তাদের সংসারে মিহরান নামে একটি পুত্র সন্তান রয়েছে।
দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর প্রায় আড়াই বছর পর আবারও বিয়ের মাধ্যমে নতুন জীবনের সূচনা করলেন এই অভিনেতা। তার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ভক্ত ও সহকর্মীরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।