আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে: মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:০১ এএম

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়তে থাকলে রাজ্যটির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, এই প্রবণতা অব্যাহত থাকলে একসময় আসাম স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে। এ মন্তব্যকে ঘিরে নতুন করে সীমান্ত ও অভিবাসন বিতর্ক শুরু হয়েছে।

মঙ্গলবার একটি সরকারি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আসামে বর্তমানে জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ বাংলাদেশি বংশোদ্ভূত। এই সংখ্যা যদি আরও ১০ শতাংশ বাড়ে, তাহলে রাজ্যটির অস্তিত্ব ও ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের সংকট তৈরি হবে। তিনি দাবি করেন, এ কারণেই গত পাঁচ বছর ধরে বিষয়টি নিয়ে তিনি বারবার সতর্ক করে আসছেন।

বাংলাদেশের এক নেতার উত্তর-পূর্ব ভারতকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার বক্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আসামের জনসংখ্যাগত পরিবর্তন একটি গুরুতর বাস্তবতা। তার ভাষায়, ‘এই প্রবণতা চলতে থাকলে আসাম স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।’

এনডিটিভির খবরে বলা হয়, চলতি মাসের শুরুতে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে ঢাকার উচিত উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে রাখা এবং ওই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সহায়তা দেওয়া।

হাসনাত আবদুল্লাহ আরও দাবি করেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে এবং মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের জন্য সংকীর্ণ শিলিগুড়ি করিডরের ওপর নির্ভরশীল, যা ‘চিকেনস নেক’ নামেও পরিচিত।

এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দেশ কখনোই মেনে নেবে না। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে দিল্লি আর নীরব থাকবে না।

ভারত একটি বৃহৎ দেশ, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি—এ কথা উল্লেখ করে আসামের মুখ্যমন্ত্রী দাবি করেন, বাংলাদেশের কিছু নেতার মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে। তিনি বলেন, ভারতের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য বা হুমকির জবাব যথাযথভাবেই দেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970