পবিত্র কোরআন হাতে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১১:১৫ পিএম

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি পবিত্র কোরআন হাতে শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনে আড়ম্বরহীন ও সাদাসিধে একটি অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। এর মধ্য দিয়ে নিউইয়র্কের ইতিহাসে প্রথমবার কোনো মেয়র কোরআন স্পর্শ করে শপথ নিয়েছেন।

গত ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মামদানি নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হন। নির্বাচনে তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করেন। এই জয়ের মাধ্যমে তিনি নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাসে নাম লেখান।

৩৪ বছর বয়সী মামদানি শপথ গ্রহণ করেন সিটি হলের নিচে অবস্থিত পরিত্যক্ত একটি সাবওয়ে স্টেশনে। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন স্ত্রী রমা দুয়াজি। শপথের মাধ্যমে তিনি প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় এবং আফ্রিকান বংশোদ্ভূত প্রথম মেয়র হিসেবে দায়িত্ব নিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস।

শপথের সময় তার হাতে ছিল দুটি কোরআন: একটি তার দাদার ব্যবহৃত কোরআন এবং একটি ১৮–১৯ শতকের পকেট কোরআন, যা নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির শমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচারের সংগ্রহ থেকে নেওয়া হয়।

মামদানির কার্যালয় জানিয়েছে, জনগণের কাছাকাছি থাকার বার্তা দিতেই অনুষ্ঠানটি আড়ম্বরবিহীনভাবে আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার তিনি সিটি হলে জনসম্মুখে আরেকটি শপথ অনুষ্ঠানে অংশ নেবেন।

নিউইয়র্কে মুসলিম জনগোষ্ঠীর উল্লেখযোগ্য উপস্থিতির প্রেক্ষাপটেই নতুন মেয়র কোরআন হাতে শপথ নেওয়ার সিদ্ধান্ত নেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970