ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম
রাশিয়ার তেল কেনে—এমন দেশগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নতুন একটি বিলে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত এই বিল পাস হলে চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেতে পারে হোয়াইট হাউজ। বিষয়টি জানিয়েছেন প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম।
বুধবার (৭ জানুয়ারি) সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসি গ্রাহাম জানান, ট্রাম্পের সঙ্গে ‘খুবই ফলপ্রসূ’ এক বৈঠকের পর তিনি দ্বিদলীয় এই বিলের অনুমোদন বা ‘গ্রিনলাইট’ দিয়েছেন। ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথালের সঙ্গে যৌথভাবে প্রণীত ‘স্যানকশনিং রাশিয়া অ্যাক্ট’ নামের এই বিলটি আইনে পরিণত হলে রাশিয়ার জ্বালানি খাতের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর আমদানির ওপর উচ্চহারে শুল্ক আরোপের এখতিয়ার পাবে যুক্তরাষ্ট্র সরকার।
গ্রাহাম এক বিবৃতিতে বলেন, এই বিলের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প এমন দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন, যারা সস্তা রুশ তেল কিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রকে অর্থ জোগাচ্ছে। তার দাবি, চীন, ভারত ও ব্রাজিলের ওপর চাপ সৃষ্টি করে এসব দেশকে রাশিয়ার তেল কেনা বন্ধে বাধ্য করাই বিলটির মূল লক্ষ্য।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা সত্ত্বেও রুশ তেলের বড় ক্রেতা হিসেবে চীন ও ভারত এখনো শীর্ষে রয়েছে। জ্বালানি ও পরিবেশবিষয়ক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে রাশিয়ার মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় অর্ধেক কিনেছে চীন, আর ভারতের অংশ ছিল প্রায় ৩৮ শতাংশ।
এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনা চলার মধ্যেই এই উদ্যোগের কথা সামনে এলো। তবে ইউক্রেনে ন্যাটোভুক্ত দেশগুলোর সেনা মোতায়েনের বিষয়ে রাশিয়া ইতোমধ্যে আপত্তি জানিয়েছে।
গ্রাহামের মতে, বর্তমান পরিস্থিতিতে এই বিল অত্যন্ত সময়োপযোগী। তিনি বলেন, শান্তির স্বার্থে ইউক্রেন ছাড় দিলেও পুতিন কেবল সময় ক্ষেপণ করছেন এবং সহিংসতা অব্যাহত রেখেছেন।