মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ পিএম
ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের বদলে যুক্তরাষ্ট্রের উচিত ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আটক করে যে কোনো আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা- এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
শনিবার (১০ জানুয়ারি) পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
খাজা আসিফ ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেপ্তার করা মূলত একটি অপহরণ। তবে ইসরায়েলের ক্ষেত্রে এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে তা ন্যায্য ও যৌক্তিক হতো বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আন্তর্জাতিক আইনের কথা বললে সবার জন্য একই মানদণ্ড প্রযোজ্য হওয়া উচিত। কিন্তু বাস্তবে শক্তিধর রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থে আইন প্রয়োগ করছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে এবং পরে তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়। তবে মাদুরো শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।