লাইভ চলাকালে সরে গেল ‘বিউটি ফিল্টার’, দেড় লাখ ফলোয়ার হারালেন ইনফ্লুয়েন্সার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম সৌন্দর্য ও ‘বিউটি ফিল্টার’ ব্যবহার এখন সাধারণ বিষয়। তবে সম্প্রতি এক চীনা ইনফ্লুয়েন্সারের লাইভ স্ট্রিমিংয়ে ফিল্টার সরে যাওয়ার ঘটনায় তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বেগুনি পোশাক পরে বসার ঘরে গান গাইছিলেন ওই নারী। লাইভ চলাকালীন হঠাৎ কারিগরি ত্রুটিতে কয়েক সেকেন্ডের জন্য তার ব্যবহৃত বিউটি ফিল্টারটি বন্ধ হয়ে যায়। এতে তার ফিল্টার করা মসৃণ ও কৃত্রিম চেহারার বদলে স্বাভাবিক ও কিছুটা পরিপক্ব ত্বক ফুটে ওঠে।
কয়েক সেকেন্ড পর ফিল্টারটি আবার চালু হলেও, ততক্ষণে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবি করা হচ্ছে, ওই ঘটনার পর তিনি প্রায় ১ লাখ ৪০ হাজার (প্রায় দেড় লাখ) অনুসারী হারিয়েছেন। যদিও এ তথ্যের কোনো দাফতরিক প্রমাণ পাওয়া যায়নি।
ঘটনাটি ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, ফিল্টার ছাড়া তাকে আরও স্বাভাবিক ও প্রাণবন্ত লাগছিল। আবার কেউ কেউ এটিকে ‘প্রতারণা’ আখ্যা দিয়ে তার অ্যাকাউন্ট নিষিদ্ধের দাবি তুলেছেন।
এই ঘটনা ২০১৯ সালে চীনের আলোচিত লাইভ স্ট্রিমার Qiao Biluo-এর ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে। সে সময় লাইভে ফিল্টার সরে গেলে তার প্রকৃত বয়স প্রকাশ পায়, যা নিয়ে চীনের লাইভ স্ট্রিমিং জগতে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল।
সাম্প্রতিক ভাইরাল ভিডিওর ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত হয়নি। বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, এটি আলোচনায় আসার কৌশল বা সাজানো ঘটনাও হতে পারে।