সরকার পতনের দাবিতে বিক্ষোভে উত্তাল আলবেনিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম
ক্ষমতার অপব্যবহার ও টেন্ডার প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ইউরোপের দেশ আলবেনিয়া। দেশটির উপ-প্রধানমন্ত্রী বেলিন্দা বালুকুর বিরুদ্ধে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠার পর রাজধানী তিরানায় শুরু হয় ব্যাপক বিক্ষোভ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পার্লামেন্ট ভবনের সামনে বিরোধী দলের নেতা-কর্মীরা জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীরাও নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাথর নিক্ষেপ করে।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি দাবি করেছে, তাদের প্রায় ৪০ জন সমর্থককে আটক করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলবানা কোসিউ সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, ভাঙচুর ও পুলিশের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এদিকে রাজনৈতিক অস্থিরতায় দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।