ভারতে ৩ প্রবীণ মুসলিমকে মারধর, ভিডিও নিয়ে তোলপাড়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম
ভারতের উত্তর প্রদেশের বদায়ূঁর সহসওয়ান থানার এলাকায় তিন প্রবীণ মুসলিমকে মারধরের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আক্রান্তদের একজন, আব্দুল সালাম, জানিয়েছেন, তারা শান্তভাবে বসে ছিলেন, কিন্তু অভিযুক্ত যুবক অক্ষয় শর্মা তাদের উপর থাপ্পড় চালান এবং ধর্ম নিয়ে কটূক্তি করেন।
ঘটনা ঘটে ১৬ ফেব্রুয়ারি। আব্দুল সালাম, আরিফ ও জাভেদ রুদায়ন এলাকায় সাহায্য নিতে গেলে অক্ষয় শর্মা পেছন থেকে এসে আধার কার্ড দেখতে চাইলে তাদের ওপর হামলা চালায়। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় ১৯ ফেব্রুয়ারি, এবং অভিযুক্তকে গ্রেফতার করা হলেও তিনি দ্রুত জামিন পেয়ে জেলের বাইরে রয়েছেন।
আব্দুল সালাম ও তার সঙ্গীরা দাবি করেছেন, পুলিশের পক্ষ থেকে যথাযথ ধারা প্রয়োগ হয়নি। তারা কোনো ঝগড়া বা বিবাদ চাইছেন না, তবে ন্যায়বিচারের আশায় রয়েছেন।
স্থানীয় বিধায়ক ব্রজেশ ইয়াদভ জানিয়েছেন, অভিযুক্ত অক্ষয় শর্মা ‘গো-রক্ষা মিশন’-এর জেলা সভাপতি বলে তিনি শুনেছেন। তবে বিবিসি যাচাই করতে পারেনি এটি সত্য কি না। স্থানীয় সাংবাদিকদের বরাত অনুযায়ী, অক্ষয় বয়স মাত্র ২১ বছর, দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে এবং চাষাবাদের কাজ করেন।
ভারতে মুসলিম বিরোধী হামলার ঘটনা বিশেষ করে ২০১৪ সালের পর থেকে বেড়েছে। গোমাংস সংক্রান্ত অভিযোগ, গণপিটুনি, ‘লাভ জিহাদ’ ও বিভিন্ন ভুয়া অভিযোগকে প্রমাণ হিসেবে ব্যবহার করে সামাজিক উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, মুসলিমরা দেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু হিসেবে ন্যায্য নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।