মসজিদে নববীতে ৫০ বছর ধরে কোরআন পড়ানো শিক্ষক মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ পাঁচ দশক ধরে মসজিদে নববী-তে পবিত্র কুরআন ও দশ কিরাআত শিক্ষাদানে নিয়োজিত প্রখ্যাত আলেম শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজি ইন্তেকাল করেছেন। ইসলামী জ্ঞানচর্চায় নিবেদিত এই বরেণ্য ব্যক্তিত্বকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে।

শিক্ষাজীবনের শুরুতে মসজিদে নববীতে তেমন আধুনিক সুযোগ-সুবিধা ছিল না। মেঝেতে কার্পেটও বিছানো হয়নি তখন; কাঁকর বিছানো মেঝেতেই তিনি নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের কুরআন শিক্ষা দিতেন। সময়ের সঙ্গে মসজিদের ব্যাপক সম্প্রসারণ ও আধুনিকায়ন হলেও তার পাঠদান কার্যক্রম থেমে থাকেনি। অবিচলভাবে তিনি চালিয়ে গেছেন দারস।

সহকর্মী ও শিক্ষার্থীদের বর্ণনায় উঠে এসেছে তার দায়িত্ববোধ ও সময়ানুবর্তিতার অনন্য দৃষ্টান্ত। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি প্রায় কখনোই ক্লাসে অনুপস্থিত থাকেননি। কেবলমাত্র নিজের বোনের ইন্তেকালের দিন তিনি সাময়িক বিরতি নেন। তবে জানাজা ও দাফন শেষে সেদিনই আবার শিক্ষার্থীদের মাঝে ফিরে এসে পাঠদান শুরু করেন—যা তার কুরআনের প্রতি গভীর ভালোবাসার প্রমাণ হিসেবে স্মরণ করা হয়।

তার হাতে গড়ে উঠেছে অসংখ্য শিক্ষার্থী। তাদের অনেকেই পরবর্তীতে সুপরিচিত কারি, কুরআনের শিক্ষক ও দ্বীনি দাওয়াতের কর্মী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজির জীবন ও অবদান শুধু ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ নয়; বরং প্রজন্ম থেকে প্রজন্মে ইসলামী সমাজে তা প্রেরণার উৎস হয়ে থাকবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970