ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালাবে না আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১০:৫২ এএম
ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাত পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে— এমন খবরে স্পষ্ট প্রতিবাদ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে নাকচ করেছে দেশটির কর্তৃপক্ষ।
আমিরাতের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, তারা কোনোভাবেই আক্রমণাত্মক অবস্থানে গিয়ে ইরান-এর বিরুদ্ধে হামলা চালাবে না। বরং আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের আত্মরক্ষার বৈধ অধিকার নিশ্চিত করাই তাদের নীতিগত অবস্থান।
বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে আমিরাতের প্রতিরক্ষা নীতিতে কোনো পরিবর্তন আনা হয়নি। চলমান উত্তেজনায় তারা কোনো পক্ষ নয় বলেও স্পষ্ট করা হয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, উত্তেজনা কমানো এবং জাতিসংঘ সনদের প্রতি অঙ্গীকার রক্ষা করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
একই সঙ্গে জানানো হয়েছে, আমিরাতের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলার কাজে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়নি।
তবে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের বিধান অনুযায়ী আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে বলেও বিবৃতিতে জোর দিয়ে উল্লেখ করা হয়। পাশাপাশি সংবাদ প্রকাশে দায়িত্বশীলতার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বিভ্রান্তিকর তথ্য প্রচারের আগে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে অবশ্যই দাপ্তরিক ও নির্ভরযোগ্য সূত্র যাচাই করতে হবে।