খামেনির মৃত্যুতে শোক জানাল ভারত, যা লেখা বার্তায়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৮:২১ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারত। দেশটির জনগণ ও সরকারের পক্ষ থেকে এই শোকবার্তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ইরানের দূতাবাসে গিয়ে শোকপুস্তিকায় স্বাক্ষর করেছেন।

বার্তায় বলা হয়, খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করতে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ইরানের দূতাবাসে যান এবং সেখানে শোকপুস্তিকায় সই করেন। এ সময় তিনি ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে একান্ত বৈঠকও করেন। ওই বৈঠকের একটি ছবিও প্রকাশ করা হয়েছে।

এদিকে একই দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ঘটনার পাঁচ দিন পর আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করল ভারত।

ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সহায়তার বার্তাও দিয়েছেন। তবে দীর্ঘদিনের মিত্র দেশ ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেওয়ায় ভারতের ভেতরেই সমালোচনা শুরু হয়।

এরই প্রেক্ষাপটে ঘটনার পাঁচ দিন পর অবশেষে খামেনির মৃত্যুতে শোকবার্তা জানাল নয়াদিল্লি। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি ভারত সরকার।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970