নেতানিয়াহুর মৃত্যুর বিষয়ে যা জানাল ইসরায়েলি দফতর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৮:২৩ পিএম
ইরানভিত্তিক কয়েকটি সংবাদমাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, তিনি নিহত হয়েছেন অথবা গুরুতরভাবে আহত হয়েছেন।
তবে এই দাবিকে নাকচ করে ব্যাখ্যা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের সামরিক অভিযানের ফলে ইরানের শাসনব্যবস্থা বড় ধরনের চাপে পড়েছে।
তিনি বলেন, ইরানি জনগণকে বর্তমান শাসনব্যবস্থার নিপীড়ন থেকে মুক্ত করাই তাদের লক্ষ্য। তবে শেষ পর্যন্ত পরিবর্তন আনার বিষয়টি ইরানের জনগণের ওপরই নির্ভর করছে বলেও উল্লেখ করেন তিনি।
বেনিয়ামিন নেতানিয়াহু আরও বলেন, এখন পর্যন্ত যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে স্পষ্ট যে ইসরায়েল প্রতিপক্ষের ওপর কঠোর আঘাত হানছে এবং এই অভিযান এখনও চলমান রয়েছে।
এদিকে নেতানিয়াহুর মৃত্যুর দাবির বিপরীতে ইসরায়েলি দফতরের এই ব্যাখ্যার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।