যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির কঠিন হুমকি উত্তর কোরিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:৪৬ পিএম
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন–এর প্রভাবশালী বোন কিম ইয়ো জং। দুই দেশের বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরুর প্রেক্ষাপটে মঙ্গলবার এ সতর্কবার্তা দেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বৃহৎ পরিসরের এই সামরিক মহড়া কোরীয় উপদ্বীপে অস্থিতিশীলতা আরও বাড়াতে পারে। এমন পরিস্থিতিতে উত্তর কোরিয়া নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছে বলেও জানান তিনি।
বিবৃতিতে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন শক্তি প্রদর্শন অকল্পনীয় ভয়াবহ পরিণতির কারণ হতে পারে। একই সঙ্গে শত্রুপক্ষকে সতর্ক করে তিনি বলেন, উত্তর কোরিয়ার ধৈর্য, ইচ্ছাশক্তি ও সামরিক সক্ষমতা পরীক্ষা করার চেষ্টা না করাই ভালো।
সোমবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের বার্ষিক বসন্তকালীন যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ড শুরু করার পরই এই হুঁশিয়ারি আসে। তবে গত বছরের তুলনায় এবার মাঠ পর্যায়ের প্রশিক্ষণ মহড়ার সংখ্যা কিছুটা কমিয়েছে দুই দেশ।
১১ দিনব্যাপী এই মহড়ায় প্রায় ১৮ হাজার সেনাসদস্য অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল–এর সরকারের সময় গত বছর মাঠ পর্যায়ে ৫১টি মহড়া অনুষ্ঠিত হলেও এবার তা কমিয়ে ২২টি করা হয়েছে।
কিম ইয়ো জং বলেন, উত্তর কোরিয়া তাদের ‘অপ্রতিরোধ্য প্রতিরোধ শক্তি’ আরও বাড়িয়ে এই কৌশলগত হুমকির মোকাবিলা করবে। তিনি জোর দিয়ে বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সবসময়ই অক্ষুণ্ণ থাকবে।
উল্লেখ্য, পিয়ংইয়ং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে ‘আক্রমণের মহড়া’ হিসেবে আখ্যা দিয়ে আসছে।
সূত্র: আনাদোলু।